মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন। কাশেমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান আজ সোমবার সন্ধ্যায় এই তথ্য জানান।
তিনি বলেন, আজ সন্ধ্যা পৌণে ৬টার দিকে রাষ্ট্রপতির কাছে করা জঙ্গি নেতা মুফতি হান্নানের আবেদনটি হাতে পেয়েছেন।
জেল সুপার মিজানুর রহমান জানান, এই আবেদনটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা হয়। ওই সময় আনোয়ার চৌধুরী আহত হলেও নিহত হন পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন।