কাউখালীতে সাড়া জাগিয়েছে গরিবের গ্রাম্য অ্যাম্বুলেন্স

 
বছরের শুরুতে পিরোজপুরের কাউখালী উপজেলায় শুরু হয়েছে ইজিবাইক গ্রাম্য অ্যাম্বুলেন্স ভ্যান সেবা। যা ইতিমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
 
উপজেলা প্রত্যন্ত অঞ্চলের প্রসূতি ও শিশুদের সেবা প্রদানের লক্ষে তৈরি গ্রাম্য অ্যাম্বুলেন্স ভ্যান সেবা খুব দ্রুত মানুষের দোর গোঁড়ায় পৌঁছে গেছে। ২৪ ঘণ্টা উপজেলার বিভিন্ন এলাকায় গরিবের অ্যাম্বুলেন্স হিসেবে মানুষের মনে ঠাঁই পেয়েছে এটি।
 
উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রোগীদের ১০০টাকার বিনিয়ে দ্রুত সেবা প্রদান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়ার লক্ষে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের অর্থায়নে প্রায় দুই লাখ টাকা ব্যয় করে রিচার্জেবল ইজিবাইক দিয়ে রোগী বহনের উপযোগী করে তৈরি এ গ্রাম্য অ্যাম্বুলেন্স ভ্যান। সম্প্রতি এর উদ্বোধন করেন জাতীয় পার্টি-জেপি'র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
 
কাউখালী ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন বলেছেন, 'বেশির ভাগ মানুষ গ্রামে বাস করে। গরিবদের পক্ষে বেশি টাকা খরচ করে অ্যাম্বুলেন্সে করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া সম্ভব হয় না। কম খরচে সব সময় সেবা দেওয়া যায়, এ জন্য গ্রাম্য অ্যাম্বুলেন্সটি তৈরি করা হয়েছে। রোগীদের নিকট থেকে নেয়া একশত টাকা দিয়ে চালকের বেতন এবং চার্জ বাবদ ৫০ টাকা খরচ গ্যারেজে দিতে হয়, যাতে অ্যাম্বুলেন্সটি মেরামতের জন্য ওই অ্যাকাউন্ট থেকে খরচ করা যায়।'