জুরাইনে শিশুসহ দগ্ধ তিন, শ্যামলীতে গাড়ি চাপায় বৃদ্ধা নিহত

রাজধানীর জুরাইনে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে। অন্যদিকে, শ্যামলীতে শিশুমেলার সামনে লেগুনার ধাক্কায় মহামায়া রানী (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার সকালে জুরাইনের মুরাদপুর এলাকায় গ্যাসের আগুনে মুরসালিন (৫৫), হাসান (৯) ও শাওন (৯) নামে তিনজন দগ্ধ হন। মুরসালিনের ২৮, হাসানের ১৮ ও শাওনের শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মুরসালিনের ভাতিজা সুমন জানান, পাশের বাসার চুলার গ্যাসের লাইনে লিক ছিল। সকালে তারা পানির পাম্প চালু করার জন্য সুইচ চালু করার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক স্পার্কিংয়ে আগুন লেগে যায়। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, গতকাল বেলা সাড়ে ১২টার দিকে শ্যামলী শিশুমেলার সামনে রাস্তা পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় মহামায়া রানী নিহত হন। ছেলের বৌ ও নাতনিকে নিয়ে মহামায়া আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে গিয়েছিলেন তার চোখের চিকিত্সার জন্য। সেখান থেকে বের হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে শিশুমেলার সামনে রাস্তা পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর পৌনে ২টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মহামায়া সাভার আমিন বাজার মাঝিদিয়া এলাকার কানাই রাজবংশীর স্ত্রী।

ইত্তেফাক/নূহু