রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে হেমন্ত চন্দ্র (৩৫) নামের এক দিনমজুর নিহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলার নিজপাড়া গ্রামের মৃত অ্যাড. হাবিবুর রহমানের ছোট ছেলে শাহ আলম ছুরি নিয়ে নিজপাড়া সানাই মোড় এলাকায় মহড়া দিতে থাকে। এ সময় এলাকার লোক তাকে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে সাধারণ মানুষ তাকে ধরার জন্য দৌড় দিলে শাহ আলম তার হাতে থাকা ছুরি দিয়ে হেমন্ত চন্দ্রের পেটে আঘাত কর। এ সময় হেমন্ত মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হেমন্তের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘাতক শাহ আলমকে আটক করার চেষ্টা করলে আবারো মারামারি শুরু হয় এবং শাহ আলম আহত হয়। কাউনিয়া হাসপাতালে ঘেরাও করে এবং শাহ আলমের ফাঁসির দাবিতে স্লোগান দেয়।
পরে কাউনিয়া থানা পুলিশ এসে বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় এসে এলাকাবাসীকে শান্ত করেন এবং ময়নাতদন্তের জন্য হেমন্তের লাশ বের করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
পুলিশ শাহ আলমকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
ইত্তেফাক/রাফাত