কাপাসিয়ায় ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগে মা আটক

 
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ধারালো অস্ত্রে গলা কেটে শিশু পুত্রকে খুন করার অভিযোগে মঙ্গলবার সকালে তার মাকে আটক করেছে পুলিশ। আটক শাহীনুর বেগম কাপাসিয়া উপজেলার দিঘধা এলাকার শরীফুল ইসলামের স্ত্রী।
 
কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, মঙ্গলবার ভোরে স্ত্রী ও দুই সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে ফজরের নামাজ পড়তে স্থানীয় মসজিদে যান শরীফ। পরে একপর্যায়ে ছুরি দিয়ে ঘুমন্ত তিন মাসের শিশুপুত্র সাবিবকে হত্যার সময় শিশুটির কান্নার শব্দ শুনে পাশে শুয়ে থাকা শিশুটির বড়বোন মালিহা (৪) জেগে উঠে। এ সময় রক্তাক্ত ছুরি দেখে কান্না শুরু করলে মালিহাকে হত্যার জন্য তেড়ে যায় মা। এ সময় মালিহা দৌড়ে ঘর থেকে বের হয়ে তার দাদিকে গিয়ে ঘটনাটি জানায়। পরে তার দাদি ও পরিবারের লোকজন ঘরে গিয়ে শিশু পুত্রটির রক্তাক্ত লাশ এবং মা শাহীনুর গলায় ছুরি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্বজনরা পরে মাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ মাকে আটক অবস্থায় পুলিশ প্রহরায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কি কারণে হত্যার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
 
আবু বকর সিদ্দিক জানান, ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায় নাই। তবে তদন্ত চলছে শিগগিরই হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।