বাগেরহাটে ট্রলারডুবি: ৪ নারীর লাশ উদ্ধার, নিখোঁজ ১৮

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে খেয়া পারাপারের ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারটিতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ৪ নারী যাত্রীর লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, আরো ১৭/১৮ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম জানান, বেলা ১১টার দিকে ইঞ্জিনচালিত একটি ট্রলার পানগুছি নদীর ছলুমবাড়ীয়া খেয়াঘাট থেকে প্রায় ৭০/৮০ জন যাত্রী নিয়ে মোরেলগঞ্জের পুরাতন থানা খেয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে খেয়াঘাটের কাছে এসে ট্রলারটি ডুবে যায়।
 
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ১৭/১৮জন যাত্রী নিখোঁজ থাকে। পুলিশ ইতিমধ্যে ৪ জন নারী যাত্রীর লাশ উদ্ধার করেছে। তবে, উদ্ধারকৃত মৃতদেহগুলোর পরিচয় এখনও পাওয়া যায়নি।
 
মোরেলগঞ্জ থানা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমান জানান, ধারণা করা হচ্ছে এখনো ১৭/১৮জন যাত্রী নিখোঁজ রয়েছে। নৌ বাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
 
ইত্তেফাক/মণ্ডল