জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন এফডিসিতে। অভিনয় যার ধ্যানজ্ঞান ছিল, তিনি ভালবাসতেন তার প্রিয় এই জায়গাটিকে। তবে মৃত্যুর পরে সেখানে আবারো এলেন। তবে সাদা কাপড়ে। শেষবারের মতো।
জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদ আমাদের কাঁদিয়ে হুট করেই গতকাল রাতে না ফেরার দেশে চলে গেলেন। সোমবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল রাত থেকে মঙ্গলবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহকর্মী বন্ধু, অনুজসহ সাধারণ ভক্তদের মাঝে শোক নেমে আসে। বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করেছেন সবাই।
IMG0
মঙ্গলবার সকাল ১০টায় পান্থপথ জামে মসজিদে প্রথম জানাজার পর বেলা ১১টায় এফডিসিতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান এফডিসির পেশ ঈমাম। দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি কুষ্টিয়ার কোর্টপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।
এফডিসিতে জানাজার আগে জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদকে শেষবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জানান অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অমিত হাসান, ওমর সানী, আমিন খান, মিশা সওদাগর, টেলি সামাদ, সাইমন, জায়েদ খান, পরিচালক শেখ নজরুল ইসলাম, অহিদুজ্জামান ডায়মন্ড প্রমুখ।
মিজু আহমেদের ছেলে আশরাফুল আহমেদ জানান, তার বাবাকে কুষ্টিয়ায় দাদা-দাদির কবরের পাশে দাফন করা হবে।
ইত্তেফাক/আনিসুর