‘সততা-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন ড. আসাদুজ্জামান’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, প্রয়াত অধ্যাপক ড. আসাদুজ্জামান সততা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন । তিনি ছিলেন একজন কাজ পাগল মানুষ।
 
আজ মঙ্গলবার সামাজিক বিজ্ঞান ভবনস্থ মোজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রয়াত অধ্যাপক ড. আসাদুজ্জামানের স্মরণে লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৫জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন। এরমধ্যে ২০জনকে ‘গভর্নর বৃত্তি’ এবং ৫জনকে ‘অধ্যাপক আসাদুজ্জামান স্মারক বৃত্তি’ প্রদান করা হয়েছে। 
 
আসাদুজ্জামানের জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে নিজেদের ভাল মানুষ হিসাবে গড়ে তোলার জন্য উপাচার্য আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বাসস।