স্পিকার ও সিপিএ’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এর ফলে আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে। বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এখন দৃশ্যমান।
ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য আর্নে লিৎজের নেতৃত্বে ৬ সদস্যের ইউরোপীয়ান পার্লামেন্ট প্রতিনিধিদল আজ মঙ্গলবার তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করলে স্পিকার একথা বলেন।
এ সময় তাঁরা বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, স্বাস্থ্য খাতে বাংলাদেশের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। এখাতে নিয়োজিত শ্রমিকের অধিকাংশই নারী। নারী শ্রমিকের শিশুদের সুন্দর শৈশব নিশ্চিত করতে ইতিমধ্যে সরকার ডে কেয়ার সেন্টার এবং ডরমিটরি তৈরি, মাতৃত্বকালীন ছুটি,ল্যাকটেটিং মাদার ভাতাসহ বহুবিধ সুবিধা নিশ্চিত করেছে। -বাসস।