শেরপুরে নালিতাবাড়ীর এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মফিজ উদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোছলেহ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত আসামীকে ৫০হাজার টাকা অর্থদণ্ডের আদেশও দিয়েছেন। সাজাপ্রাপ্ত মফিজ উদ্দিন নালিতাবাড়ী উপজেলার সিধুলি গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, নালিতাবাড়ী উপজেলার কয়রাকুড়ি গ্রামের শারীরিক প্রতিবন্ধী ওই কিশোরীকে ২০১৬ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষক মফিজ উদ্দিনকে একমাত্র আসামী করে ভিকটিমের দাদি ফিরোজা বেগম নালিতাবাড়ী থানায় মামলা করেন।