ব্যবসা প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও যারা ভ্যাট নিবন্ধন (অনলাইনে ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন বা বিআইএন) নিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। গতকাল রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া সংক্রান্ত কার্যক্রমের উদ্বোধন-কালে তিনি এ কথা বলেন। এ ধরনের ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে অনেকেই ভ্যাট ফাঁকি দিচ্ছে। তিনি বলেন, তাদের চিহ্নিত করতে কার্যক্রম শুরু হয়েছে। তাদের বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। বর্তমানে দেড় লাখ ভ্যাট নিবন্ধনকারী থাকলেও অনেকেই অস্তিত্বহীন বলে অভিযোগ রয়েছে।
সরকার ভ্যাট নিবন্ধন ব্যবস্থা সহজ করতে অনলাইনে যে কোনো স্থান থেকে ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন নেওয়ার সুযোগ চালু করেছে। এ জন্য ভ্যাট কর্মকর্তার সরেজমিনে ব্যবসা প্রতিষ্ঠান যাচাই করার বাধ্যবাধকতা নেই। মূলত ব্যবসায়ীদের হয়রানি কমাতে এ উদ্যোগ নিয়েছিল ভ্যাট বিভাগ। কিন্তু অনেক প্রতিষ্ঠানই এ সুযোগের অপব্যবহার করে ফাঁকি দিচ্ছে।
ভ্যাট অনলাইন প্রকল্প অফিসের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধি ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ভ্যাট হার নিয়ে সরকার ও ব্যবসায়ীরা ঐকমত্যে পৌঁছেছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাটের কয়েকটি হার হবে। আর যেসব ক্ষেত্রে ১৫ শতাংশ হবে, তা রেয়াতযোগ্য। এ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে স্বচ্ছতা আনতে ইএফডি (বিশেষায়িত হিসাবযন্ত্র) মেশিন স্থাপনের বিষয়েও গুরুত্ব দেন তিনি।
আলোচনায় অংশ নিয়ে এনবিআর সদস্য রেজাউল হাসান বলেন, যে সব প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন ৫ কোটি টাকা পর্যন্ত, তাদের ইএফডি ব্যবহার করতে হবে। এর উপরে লেনদেনকারী ব্যবসায়ীরা অনলাইন ব্যবস্থায় বিদ্যমান ব্যবস্থা অনুযায়ী ভ্যাট দেবে।
এ সময় ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক সৈয়দ মুশফিকুর রহমান অনলাইনে রিটার্ন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বৃহত্ ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলো অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবে। আগামী ১৪ আগস্ট থেকে দেশের সব ব্যবসায়ীর জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, দেশে হিসাবের বাইরে থাকা (অপ্রাতিষ্ঠানিক) অর্থনীতিকে অর্থনীতির মূল স্রোতে আনতে হবে। এক্ষেত্রে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এনবিআরকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ সময় ব্যাংক এশিয়া তাত্ক্ষণিক অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করে। অনুষ্ঠানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ভাইস প্রেসিডেন্ট গোলাম মাঈনুদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।