ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও মধ্য বাসাবো এবং মাদারটেক, ছায়াবীথি, পদ্মকানন, ওয়াসা রোড, মদিনা সড়ক, পাটোয়ারী গলি, এলাহীবাগ, শরিফবাগ, সরকারপাড়া, শান্তিপাড়া, পাবনা গলি, বাগানবাড়ি, নতুনপাড়া, আদর্শপাড়া ও সিলেটি গলি নিয়ে এই ওয়ার্ড গঠিত। প্রায় ৫৭ হাজার ভোটার। দুই লক্ষাধিক লোকের বাস। অধিকাংশ সড়কে খোঁড়াখুঁড়ি চলছে? এতে মহল্লার ভাঙাচোরা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বাতাসে উড়ছে ধুলাবালি। এই দুটি এলাকার অধিকাংশ সড়কে সড়কবাতি নেই। সন্ধ্যার পর মহল্লার অলিগলিতে অবাধে চলে মাদক সেবন ও ব্যবসা। কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, মাদারটেক টেম্পোস্ট্যান্ড, দক্ষিণ ও পশ্চিম মাদারটেক, পশ্চিম বাসাবো, পদ্মকানন, এলাহীবাগে সড়ক খোঁড়াখুঁড়ি করছে ঢাকা ওয়াসা। এর মধ্যে দক্ষিণ মাদারটেক থেকে টেম্পোস্ট্যান্ড পর্যন্ত সড়কে লেগে আছে তীব্র যানজট। বাতাসে উড়ছে ধুলাবালি। নাক-মুখ ঢেকে চলাচল করছে পথচারীরা। সড়কের দু পাশের বাসাবাড়ির দরজা-জানালা ও দেয়ালে ধুলাবালির কয়েক স্তর আবরণ পড়েছে। তা ছাড়া ওই এলাকার প্রায় সব সড়কে চলছে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা।
শহীদ আলাউদ্দিন পার্ক মাঠটি খেলাধুলার অনুপযোগী। মাঠটি বাসাবো তরুণ সংঘ খেলার মাঠ হিসেবে পরিচিত। মাঠের ভেতর বালু ও ইট-পাথর ছড়িয়ে রয়েছে। মাঠের দক্ষিণ-পশ্চিম কোণে সড়কের ওপর রয়েছে একটি ডাস্টবিন। সড়কজুড়ে ময়লা ছড়িয়ে রয়েছে। এই মাঠ-সংলগ্ন রয়েছে বাসাবো বালুর মাঠ। এই মাঠেও প্রায় একই চিত্র দেখা গেছে।
সড়কে ধুলাবালির কারণে নাক-মুখ ঢেকে দক্ষিণ মাদারটেক থেকে উত্তর মাদারটেকে হেঁটে যাচ্ছিলেন পথচারী হাবিব রহমান। তিনি বলেন, সড়কের দুপাশে খোঁড়াখুঁড়ি করে বালু ও মাটি সড়কের ওপরই রাখা হয়? এতে যানবাহন চললেই বাতাসে ধুলাবালি ওড়ে। এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দক্ষিণ বাসাবোর স্থানীয় বাসিন্দা মিরাজ হোসেন জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় আলাউদ্দিন পার্ক মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে রয়েছে। এতে শিশু-কিশোররা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে মাঠটি সংস্কার করা দরকার। এ ছাড়া সব শ্রেণির মানুষের জন্য বালুর মাঠটি সবুজ বলয় হিসেবে গড়ে তুলতে হবে। মধ্য মাদারটেকের বাসিন্দা মোহাম্মদ হানিফ বলেন, এলাকার অধিকাংশ সড়কে সড়কবাতি নেই। সন্ধ্যার পর গলির সড়কে মাদকসেবী ও বিক্রেতাদের আড্ডা বসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দৌরাত্ম্য বেড়ে যায়। তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে। কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।
ওয়ার্ড কাউন্সিলর গোলাম হোসেন বলেন, গত দেড় বছরে ওয়ার্ডের ৪০ শতাংশের বেশি সড়ক সংস্কার করা হয়েছে। কিন্তু ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের খোঁড়াখুঁড়ির কারণে সেই সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে আলাউদ্দিন পার্ক মাঠ সংস্কারে নকশা চূড়ান্ত করেছে দক্ষিণ সিটি করপোরেশন। শিগগিরই সংস্কার কাজ শুরু হবে।
ইত্তেফাক/কাউছার