ইমনের বাবা-মা একাত্তরের ২৫ মার্চের কালো রাত্রির পর ঢাকা ছেড়ে ইছাপুর গ্রামে আশ্রয় নেয়। সেখানে ইমনের পরিচয় হয় বাদল নামের এক কিশোরের সাথে। ঢাকায় মিলিটারিরা বাদলের বাবা-মাকে মেরে ফেলেছে। সে প্রতিশোধ নেবার জন্য গ্রামে এসে মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দেয়।
ইমনও মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে একদিন যায় প্রশিক্ষণ নেবার জন্য। এদিকে ইছাপুর গ্রামে পাকবাহিনী আক্রমণ করে ইমনের বাবা-মাসহ গ্রামের অনেক মানুষকে মেরে ফেলেছে। অসহায় ইমনকে আশ্রয় দেয় এক মুক্তিযোদ্ধা।
ওপরের গল্প নিয়েই চলচ্চিত্র ‘লাল সবুজের সুর’। শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্রটি চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে আসছে ৩০ মার্চ বিকেল ৩টা ৩০ মিনিটে।
সরকারি অনুদানের এই ছবিটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার।
এ ছবিতে অভিনয় করেছেন ওমর সানী, সুব্রত, সেরা জামান, রফিকুল্লাহ সেলিম, ঝুনা চৌধুরী, শিশুশিল্পী মাহি ও লিখন প্রমুখ।
ইত্তেফাক/আনিসুর