পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে জাটকা ইলিশ ধরার দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ সালের ৫(১) ধারায় চার জেলেকে পাঁচ হাজার টাকা জরিামানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ মার্চ) সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমা এ জরিমানা করেন।
জরিমানাকৃতরা হলেন আ. ছাত্তার (৩৫), মো. রুবেল (২৩), রিপন (৩০), মো. ফরিদ (৩৮)। এদের বাড়ি কাউখালী উপজেলার চিরাপাড়া-পার সাতুরিয়া ইউনিয়নে।
স্বরুপকাঠীর নৌ পুলিশের ফাঁড়ি ইনচার্জ মো. আসাদ্জ্জুামান হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে কাউখালীর বিজয়নগর এলাকার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে চার জেলেসহ চার হাজার মিটার জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্যে এক লাখ টাকা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমা ও মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার উপস্থিতিতে উপজেলা পরিষদের মাঠ সংলগ্ন জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।