বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়া শারমিন আক্তারকে সেক্রেটারি অফ স্টেটস ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ (আইডব্লিউওসি) অ্যাওয়ার্ড২০১৭ দিয়ে সম্মানিত করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বুধবার তার হাতে এই বিষয়ক স্বীকৃতি তুলে দেবেন মার্কিন ফার্স্ট লেডি ও মার্কিন রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন।
মাত্র ১৫ বছর বয়সে মা বাবা শারমিনকে বিয়ে দিতে চাইলে তার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়ায় সে। নিজের চেয়ে কয়েক দশক বেশী বয়সের বরকে বিয়ে করতে অস্বীকার করে শারমিন অসাধারণ সাহস ও আত্ম-বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। মার্কিন দূতাবাসের প্রেস রিলিজে বলা হয়, শারমিন নারী ও মেয়েদের কাছ থেকে সচরাচর প্রত্যাশিত নীরবতা ভাঙ্গার সাহস দেখিয়েছেন, নিজের অধিকার রক্ষায় লড়াই করেছেন এবং শেষ পর্যন্ত তার মা ও হবু বরকে আইনের আওতায় এনেছেন। সাহসিকতার জন্য প্রশংসিত শারমিন বর্তমানে রাজাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং সমাজের ক্ষতিকর প্রথা বাল্যবিবাহ ও জোরপূর্বক বিয়ের বিরুদ্ধে প্রচারণা চালাতে তিনি ভবিষ্যতে একজন আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেন।
সেক্রেটারি অফ স্টেটস ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ (আইডব্লিউওসি) অ্যাওয়ার্ড, প্রতি বছর বিশ্বের নারীদের অসাধারণ সাহসিকতা ও নেতৃত্বের স্বীকৃতি দিয়ে থাকে যারা ব্যক্তিগত ঝুঁকি স্বত্বেও শান্তি, ন্যায় বিচার, মানবাধিকার, নারী পুরুষের সমতা, এবং নারীর ক্ষমতায়ন এর ব্যাপারে অবদান রেখেছেন । ২০০৭ সালে শুরু হওয়া যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের এই পুরস্কার এ পর্যন্ত বিশ্বের ৬০টি দেশ থেকে শতাধিক নারীকে স্বীকৃতি দিয়েছে।
বাংলাদেশের শারমিন আক্তার ছাড়া আরো ১২ জন নারী এই পুরস্কার পাচ্ছেন।
ইত্তেফাক/সাব্বির