গাইবান্ধায় অর্থ আত্মসাতের অভিযোগে ২ ঠিকাদার কারাগারে

গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন নিতে গেলে দুই ঠিকাদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
 
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ এই আদেশ দেন।
 
তারা হলেন, গাইবান্ধা গণপূর্ত বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ঠিকাদার ওমর ফারুক রুবেল ও সাধারণ সম্পাদক ঠিকাদার সোহরাব হোসেন শাহিন।
 
ওমর ফারুক রুবেল গাইবান্ধা শহরের মমিনপাড়া এলাকার ময়েন কিস্তির ছেলে ও সোহরাব হোসেন শাহিন শহরের গোডাউন এলাকার অ্যাডভোকেট আমজাদ হোসেনের ছেলে।
 
কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন জানান, ২০১০-১১ অর্থবছরে গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক তাদের বিরুদ্ধে ২০১৩ সালে মামলা দায়ের করেন। সেই মামলায় বুধবার বিকেলে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তারা জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।