খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালের ময়লার ঝুঁড়িতে এক নবজাতকের লাশ পাওয়া গেছে।
হাসপাতাল সুত্রে জানাযায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাজেরা বেগম (২২) নামে বোরখাপড়া এক তরুণী তল পেটে ব্যথা ও রক্ত ক্ষরণের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। সঙ্গে তার পিতা আবুল কাশেমও ছিলেন। কর্তব্যরত ডাক্তার তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করেন। তরুণীটি চলে যাওয়ার পর হাসপাতালের জরুরি বিভাগের ময়লার ঝুঁড়িতে নবজাতকের লাশ দেখতে পেয়ে এক কর্মচারী তা কর্তব্যরত ডাক্তারকে জানান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সব্যসাচী নাথ বলেন, নবজাতকটি ৬-৭ মাসের ছিল অপরিপক্ব। একজন তরুণী তার কাছে তল পেটে ব্যথা ও রক্তক্ষরণের চিকিৎসার জন্য এসেছিল। রোগের কথা শুনে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে গাইনী বিভাগে রেফার করার পর তিনি চলে যায়। অপরিপক্ব নবজাতকটি ওই তরুণীর বলে ধারণা করা হচ্ছে। ময়লার ঝুঁড়িতে মৃতদেহটি পাওয়ার পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মাটিরাঙ্গা থানার ওসিকে জানানো হয়। ওসির পরামর্শে একজন পুলিশ সদস্যের উপস্থিতিতে মৃতদেহটি মাটিতে পুঁতে ফেলা হয়।