মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যানন বলেছেন, ট্রাম্প প্রশাসনের কাছে বাংলাদেশের বন্ধুত্ব ও অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত স্বাধীনতা দিবস অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২০১৫ সালে বাংলাদেশ সফর করা শ্যানন বাংলাদেশ সম্পর্কে বলেন, বাংলাদেশ একটি সহনশীল, বহুত্ববাদী ও মধ্যমপন্থা অনুসরণকারী দেশ হিসেবে বৈশ্বিক মডেল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত উইলিয়াম ই টডের উপস্থিতিতে শ্যানন বলেন, ওই অঞ্চলে বাংলাদেশ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী।
ওয়াশিংটন দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্র, বিচার, হোমল্যান্ড ও অন্যান্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ব্যবসায়ী, বুদ্ধিজীবী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
মার্কিন আন্ডার সেক্রেটারি যোগ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশিরা স্বাধীনতার জন্য লড়াই করেছে ও জীবন দিয়েছে যা ভবিষ্যতের প্রজন্মকে স্বাধীনতার জন্য লড়াই করতে অনুপ্রাণিত করবে।
সিলেটের শিববাড়িতে জঙ্গি হামলায় ৬ জন নিহত হওয়ায় সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, জঙ্গিবাদের চ্যালেঞ্জ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সাহস ও শক্তির সঙ্গে মোকাবেলা করবে। শ্যানন বলেন, বাংলাদেশ সহিষ্ণুতা ও গণতন্ত্রের বৈশ্বিক উদাহরণ।
বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠির কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে আগ্রহী।
ইত্তেফাক/সাব্বির