খাগড়াছড়ির রামগড়ে চাঁদা না দেয়ায় একটি সমবায় সমিতির বাগান থেকে ১৪টি সেগুন গাছ কেটে নিয়ে গেছে পাহাড়ি সন্ত্রাসীরা। লুটে নেয়া গাছের মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে দাবি সংশ্লিষ্টদের। গত মংগলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনাস্থল উপজেলা সদর হতে প্রায় ৭ কি.মি. দূরে রামগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঢাকা কলোনি নামক এলাকা। সেখানকার বনফুল সমবায় সমিতি লিমিটেডের বাগান থেকে পাহাড়ি সন্ত্রাসীরা মংগলবার রাত ২টার দিকে ১৪টি বড় আকারের সেগুন গাছ কেটে নিয়ে যায়।
ওই সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও আনসার ভিডিপির প্লাটুন কমান্ডার মো: জাহাংগীর আলম জানান, ২০/২৫ জন সন্ত্রাসী বাগানের পাহারাদারকে অস্ত্রের মুখে আটকে রেখে অটো করাতের মাধ্যমে ১৪টি বড় সেগুন গাছ কেটে নিয়ে যায়। বনের ভিতর দিয়ে চোরাই পথে গাছগুলো তারা ফটিকছড়ির দাঁতমারা এলাকায় নিয়ে বিক্রি করেছে বলে তিনি জেনেছেন।
জাহাংগীর আলম জানান, একটি আদিবাসী সন্ত্রাসী গ্রুপের সুমন নামে এক চাঁদা আদায়কারী গত ২৫ মার্চ তার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা পরিশোধ করতে বিলম্ব হওয়ায় তারা প্রায় ৫ লাখ টাকার গাছ কেটে নিয়ে গেছে। তিনি আরও জানান, গত বছর ১০ হাজার টাকা চাঁদা দিয়ে ওই সন্ত্রাসী গ্রুপের কাছ থেকে টোকেন নিয়েছিলেন।
এদিকে গাছ কেটে নিয়ে যাওয়ার খবর পেয়ে রামগড় ৪৩ বিজিবির হাবিলদার আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল বুধবার দুপুরে ওই বাগান এলাকায় পরিদর্শনে যায়।
বনফুল সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: জাহাংগীর আলম জানান, থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন।
ইত্তেফাক/নূহু