জঙ্গিবাদ সমর্থনকারীদের জনগণ পরাজিত করবে :নাসিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের বিরুদ্ধে চক্রান্তকারী ও জঙ্গিবাদের সমর্থনকারীদের আগামী নির্বাচনে জনগণ পরাজিত করবে। গতকাল বুধবার রাজধানীর শাহবাগস্থ জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে গণআজাদী লীগ আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের এই মুখপাত্র এ কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকদের সম্মাননা প্রদান উপলক্ষে এই  আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৩০জন শিল্পী, কবি ও লেখককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্ত্রী বলেন, একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। জঙ্গিবাদের নামে মানুষ হত্যা করা হচ্ছে। ভোটের মাধ্যমেই জনগণ এসব ষড়যন্ত্রকারীদের জবাব দেবে। তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে একাত্তরের ঘাতকদের চূড়ান্তভাবে পরাজিত করার নির্বাচন। এই নির্বাচনে ঘাতকের দোসরদের পরাজিত করতেই হবে। বাংলাদেশ থেকে এই জঙ্গিবাদের দোসরদের মূল উত্পাটন করতে হবে। তিনি বলেন, চক্রান্তকারীদের চক্রান্ত এখনও শেষ হয়নি বলেই এখন দেশে জঙ্গিরা হানা দিচ্ছে। তাই ১৪ দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এক পর্যায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের উদ্দেশে মন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধে তারা অবরুদ্ধ থেকে মুক্তিযোদ্ধা তথা এদেশের মানুষকে প্রেরণা যুগিয়েছেন। সুতরাং তাদের সম্মান জানানো মানেই হলো মুক্তিযুদ্ধকে সম্মান জানানো। আয়োজক সংগঠনের সভাপতি এস কে সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউল্লা খান প্রমুখ বক্তব্য রাখেন।

ইত্তেফাক/নূহু