চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সোহেল খুনের ঘটনায় আরো চার ব্যক্তি গ্রেফতার

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে গণপিটুনির নামে সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেলকে খুনের ঘটনায় আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন তার ছেলেসহ গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের নাম মামলার এজাহারে নেই। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। গত রবিবার গভীর রাতে নগরীর পাহাড়তলী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, রমজান আলী কিরণ, মো. ইকবাল, মো. লালন এবং তার ছেলে শাকিল খান শামীম। হত্যাকাণ্ডের পর ৮ জানুয়ারি রাতে মহিউদ্দিন সোহেলের ছোট ভাই শাকিরুল ইসলাম শিশির বাদী হয়ে নগরীর ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর ও পাহাড়তলী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক সাবের আহমদ সওদাগর ও সদস্য ওসমান খানসহ ২৭ জনের নাম মামলার এজাহারে উল্লেখ করা হয়। সেই সঙ্গে এজাহারে আরো ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসাবে উল্লেখ করা হয়। সোহেল হত্যা মামলায় পুলিশ এ পর্যন্ত ওসমান খানসহ মোট ১৭ জনকে গ্রেফতার করেছে।

মহিউদ্দিন সোহেল চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ছিলেন। তিনি একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটিরও নেতা ছিলেন।