কখনো রোমান্টিক নায়ক, আবার কখনো অ্যাকশন নায়ক হিসেবেই চলচ্চিত্রে পরিচিত বাপ্পী। মাঝখানে একটি চলচ্চিত্রে কাজ করেছেন খলচরিত্রে। নিজের অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র দর্শকদের মনে বেশ শক্ত আসন গড়ে নিয়েছেন বাপ্পী চৌধুরী। নিজের ক্যারিয়ারে মুক্তভাবে কাজ করতে চেয়েছেন বলেই একটি নির্দিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আটকে থাকতে চাননি।
এ প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘কখনোই নিজের ক্যারিয়ার বন্দি করতে চাইনি।’ কমবেশি প্রায় সব পরিচালকের সাথে কাজ করে এখন বাপ্পী নিজের একটা দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। তবে এত জটিল হিসেব-নিকেশের ভেতরে থাকতে চান না তিনি। আসছে ৩১ মার্চ মুক্তি পাচ্ছে হিমেল আশরাফের পরিচালনায় বাপ্পী অভিনীত ‘সুলতানা-বিবিয়ানা’ চলচ্চিত্রটি। যেখানে বাপ্পীর বিপরীতে আছেন আঁচল।
মুক্তি পেতে যাওয়া চলচ্চিত্র প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘আমার ক্যারিয়ারে বড় একটি প্রাপ্তি যোগ হয়েছে তা হলো সমসাময়িক চরিত্রের বাইরে গ্রামের সুলতান নামের একটি চরিত্রে আমার অন্তর্ভুক্তি। পুরো চলচ্চিত্রের গল্প এবং কাজ যে মানের তাতে আশা করছি যারা একবার চলচ্চিত্রটি দেখবেন তারা দ্বিতীয়বার আবার হলে যাবেন। আমাদের হলগুলোর সংস্কার হলে দেশের একাধিক সিনেমা হলে যদি ছবির প্রজেকশন করা যায় তবে আমাদের চলচ্চিত্রের সাফল্য কেউ আটকে রাখতে পারবে না।’
এরইমধ্যে কক্সবাজারে টানা শুটিং করছেন কমল সরকারের পরিচালনায় ‘পাগলামি’ নামে নতুন একটি চলচ্চিত্রে। যে ছবিতে বাপ্পীর বিপরীতে কাজ করছেন কলকাতার সাবর্ণী রায়। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে আপন মানুষ, দাগ, আসমানি, রাজকুমার নামে বাপ্পী অভিনীত ৪টি চলচ্চিত্র। জাজ মাল্টিমিডিয়া থেকে বের হয়ে গেছেন কি-না?
এমন প্রশ্নের জবাবে বাপ্পী বলেন, ‘আমি জানি না এসব বিভ্রান্তিমূলক কথা কারা ছড়ায়। জাজের এখন কোনো চলচ্চিত্রে আমি হয়তো কাজ করছি না। তার মানে এই নয় যে, আমি জাজের আর কোনো চলচ্চিত্রে অভিনয় করবো না। জাজের সাথে আমার সম্পর্ক ঠিকঠাক আছে।’
ইত্তেফাক/আনিসুর