সিনেমাপাগল মেয়েটি...

 
জামালপুর শহরের দেওয়ান পাড়ার মেয়ে ইয়ামিন হক ববি এখন ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের ব্যস্ততম একজন নায়িকা। অন্য অনেকের মতো একসঙ্গে অনেক চলচ্চিত্রে কাজ করার পক্ষে নন। ভালো চলচ্চিত্রে কাজ করাটাই জরুরি, এমন ভাবনাই তার। 
 
নানা সময়ে চলচ্চিত্র শিল্পী, প্রযোজক, পরিচালকদের আড্ডায় একটি কথা প্রায়ই শুনেছি আমি। আর তা হলো পাগল না হলে নাকি শিল্পী হওয়া যায় না। বিশেষত চলচ্চিত্রের শিল্পী। আর তাই ববিকে যারা খুব কাছে থেকে দেখেছেন, তারা জানেন চলচ্চিত্রের জন্য কতটা পাগল তিনি। তা না হলে তার সমসাময়িকরা যখন শুধুই চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত কিংবা সংসার করা নিয়ে ব্যস্ত, সেখানে ববি নিজেই প্রযোজক হয়েছেন একটি চলচ্চিত্রের। হয়তো তিনি জানেন, এতে তার আর্থিক ক্ষতি হতে পারে অনেক... তারপরও তিনি তার পাগলামি থামাতে পারেননি চলচ্চিত্রের প্রতি অগাধ ভালোবাসার জন্যই। 
 
ববি প্রযোজনা করেছেন ‘বিজলী’ নামের একটি চলচ্চিত্র। এটি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী। এরমধ্যে চলচ্চিত্রটির শুটিং শেষ হয়ে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব কাজ শেষ হলে দ্রুতই চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার ইচ্ছে তার। এতে ববির বিপরীতে আছেন কলকাতার নায়ক রণবীর। ইফতেখার চৌধুরীর ‘নীলিমা’ চলচ্চিত্রে নতুন এক ববিকে দেখা যাবে। ববির ভাষায় একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে ইতালি, মুম্বাই ও বাংলাদেশের তিনজন নায়ক কাজ করেছেন। এরমধ্যে এই চলচ্চিত্রের প্রায় সত্তর ভাগ কাজ শেষ হয়েছে। ববি চলচ্চিত্রে তার নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট। 
 
এই প্রসঙ্গে ববি বলেন, ‘আমি সবসময়ই ভালো ভালো চলচ্চিত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করে এসেছি। যে কারণে আমার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর দিকে দৃষ্টি দিলেই তা খুব সহজেই অনুমেয়। সত্যি বলতে কী, এখন সারা বিশ্বের সঙ্গে আমাদের চলচ্চিত্রকে প্রতিযোগিতায় টিকে থেকে ব্যবসা করতে হয়। হলিউড-বলিউডের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় থেকে ব্যবসা করতে হয়। কারণ দর্শক এখন চাইলেই যেকোনো চলচ্চিত্র ইউটিউবে বা অন্য কোনো মাধ্যমে দেখতে পাচ্ছেন। এত প্রতিযোগিতার মধ্যে থেকেও আমাদের অভিনীত চলচ্চিত্রগুলো দর্শক দেখছেন এখনো হলে গিয়ে এটা সত্যিই চ্যালেঞ্জের। আমি, মাহি, বাপ্পী, সাইমন, পরীমনি, শুভর নাম যে দর্শক জানছেন—এটাও কিন্তু এই চ্যালেঞ্জের মধ্যদিয়ে অনেক বড় অর্জন। কারণ আমাদের চলচ্চিত্রের বাজেট খুব কম। এই কম বাজেটের মধ্যেই আমাদেরকে চলচ্চিত্র নির্মাণ করতে হয়। সিনেমা হলের সংখ্যাও খুব কম। সবমিলিয়ে চলচ্চিত্রের সার্বিক দিক আমাদের অনুকূলে না থাকলেও আমাদের দেশে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এটা এখনো আমাদের জন্য সাফল্যের বিষয়।’ ববি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র হলো ইফতেখার চৌধুরীর ‘ওয়ান ওয়ে’। 
IMG0
এটি গত বছর মুক্তি পায়। নতুন বছরে ‘বিজলী’ই মুক্তি পাবে প্রথম। ববির মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হলো ইফতেখার চৌধুরীর ‘খোঁজ :দ্য সার্চ’, ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, মালেক আফসারীর ‘ফুল অ্যান্ড ফাইনাল’, রাজু চৌধুরীর ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, বদিউল আলম খোকনের ‘হিরো দ্য সুপারস্টার’, ‘রাজা বাবু’, মোহাম্মদ হোসেনের ‘আউ ডোন্ট কেয়ার’ ও শফিক হাসানের ‘স্বপ্ন ছোঁয়া’। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ববি শাকিব খানের সঙ্গে নাফিজের নির্দেশনায় একটি ড্রিঙ্কসের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছিলেন। এটি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছিল। এছাড়া ববি তানিম রহমান অংশু, ইফতেখার চৌধুরীর নির্দেশনাতেও দুটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। ববি বর্তমানে ব্যস্ত আছেন স্বপন চৌধুরীর নির্দেশনায় এস ডি রুবেলের বিপরীতে ‘বৃদ্ধাশ্রম’ চলচ্চিত্রের শুটিং নিয়ে। 
 
এতে কাজ করেও তৃপ্ত ববি। তিনি বলেন, ‘বৃদ্ধাশ্রমে গিয়ে জীবনকে খুব কাছে থেকে দেখেছি। অনেক উচ্চশিক্ষিত মহিলাকে দেখেছি, যারা শুধু তার সন্তানের সঙ্গে একটু কথা বলার জন্য হাহাকার করেন। খুব কষ্ট হয়েছে আমার। এমন একটি চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরেও খুব ভালো লাগছে।’ ববির গ্রামের বাড়ি জামালপুর হলেও তার জন্ম ঢাকায়। তার বাবা কেএম ইমামুল হক এবং মা মিসেস ভিকারুন্নেসা। তার দুই বোন ছবি ও টনিকা। বরেণ্য অভিনতো মিজু আহমেদের অকাল প্রয়াণে ববি খুব কষ্ট পেয়েছেন। তার সঙ্গে তিনি ‘অ্যাকশন জেসমিন’ চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। পাশাপাশি তার প্রযোজিত চলচ্চিত্র ‘বিজলী’-তেও তিনি অভিনয় করেছিলেন। সিনেমা পাগল মেয়ে ববির সব স্বপ্ন চলচ্চিত্রকে ঘিরেই। তার স্বপ্নগুলো পূরণ হোক।