গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁওয়ে মোবাইল চুরির অপবাদ দিয়ে তিন শিশুকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুদের পরিবারের পক্ষ থেকে রবিবার রাতে গফরগাঁও থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চর আলগী ইউনিয়নের চরমছলন্দ মড়লপাড়া জামে মসজিদের ইমাম ইছব আলীর মোবাইল হারিয়ে যায়। এরপর উত্তর চরমছলন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শাকিব (৮), ইয়াছিন (১০) ও আমিরুলকে (৮) রবিবার সন্ধ্যায় মসজিদের সামনে ডেকে এনে মোবাইল চুরির অপবাদে রশি দিয়ে হাত-পা বেঁধে পেটানো হয়। মড়লপাড়া গ্রামের বাপ্পি, আসাদ মিয়া, রুহুল মিয়া, মসজিদের ইমাম ইছব আলী, জিয়াউল এ নির্যাতন চালায়। পরে স্থানীয়রা শিশুদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় শাকিবের বাবা বাদী হয়ে মসজিদের ইমামসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।