নওগাঁয় হিরোইনসহ গ্রেফতার হওয়া ফানছু (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মজিবুর রহমান এ রায় প্রদান করেছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত ফানছু জেলার ধামইরহাট উপজেলার নামা আঙ্গরত গ্রামের ফয়েজ উদ্দিন মণ্ডলের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৭জানুয়ারি রাজশাহী থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসে ফানছুর দেহ তল্লাশি করে ৫০গ্রাম হিরোইন উদ্ধার করেন। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে নওগাঁ সদর মডেল থানায় ফানছুর বিরুদ্ধে একটি মামলা হয়।
প্রায় এক বছরেরও বেশি সময় শুনানি শেষে আদালত এই রায় প্রদান করেন। মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাড. মোজাহার আলী এবং আসামি পক্ষে অ্যাড. মাহফুজার রহমান চৌধুরী ও জয়নুল আবেদীন মিন্টু।