দিল্লির নয়ডায় নাইজেরীয় পাঁচ শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় বুধবার আবুজায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএএন’র খবরে এ কথা বলা হয়েছে।
ভারতের রাষ্ট্রদূত নাগাবুশানের রেড্ডিকে তলবের পর নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সেক্রেটারি ওলুশোলা এনিকানোলেইয়ে বলেন, অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এ ধরনের ঘটনা শুধু এই প্রথমই হয়নি। এর আগেও ঘটেছে। তাই আমরা দ্রুত এর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি। ওলুশোলা বলেন, আমরা এ মুহূর্তে যা দেখতে চাচ্ছি তা হচ্ছে হামলাকারী ও তাদের নেপথ্যকারীদের গ্রেফতার। আমি মনে করি আমরা এক্ষেত্রে সেই বিচারের দাবি করি ,যা পরবর্তীকালে এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
উল্লেখ্য গত সোমবার শত শত মানুষ ভারতের নয়ডায় পাঁচ শিক্ষার্থীর ওপর একটি শপিং মলে চড়াও হয়। তাদের অভিযোগ তারা সেখানকার এক কিশোরকে অতিরিক্ত মাদক সেবন করিয়ে হত্যা করেছে। একই অভিযোগ করেছিল নিহতের পরিবারের পক্ষ থেকেও। তাদের দাবি, ওই নাইজেরীয় শিক্ষার্থীদের ইন্ধনেই কিশোরের মৃত্যু হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তারা আসলে সেখানে বর্ণবাদের শিকার হয়েছেন। তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পর্যন্ত গড়ালে তিনি এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন। আল জাজিরা।
ইত্তেফাক/সাব্বির