মনির হত্যা মামলা: চারজনের ফাঁসি, দুইজনের যাবজ্জীবন

 
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মনির হত্যা মামলা মামলায় চারজনের ফাঁসি এবং দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
 
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ দ্বিতীয় জেলা ও দায়রা জজ মোসাম্মৎ কামরুন্নাহারের আদালতে এ রায় ঘোষণা হয়।
 
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- আতাউল হামিদ পরাগ, আলমগীর হোসেন, ভুট্রু মিয়া ও রতন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- গোলজার হোসেন ও শাহীন। রায় ঘোষণার সময় আতাউল হামিদ পরাগ, আলমগীর হোসেন ও ভুট্রু মিয়া উপস্থিত ছিলেন। রায়ে আদালত মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবনপ্রাপ্তদের একই সঙ্গে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছে। অনাদায়ে আরো ছয় মাসের কারাভোগের নির্দেশ দিয়েছে। এ ছাড়া লাশ গুমের অপরাধে ২০১ ধারায় সকল আসামিকেই সাত বছরের কারাদণ্ড প্রদান করেছে।
 
আদালতের অতিরিক্ত পিপি সুইট রায়ের তথ্য নিশ্চিত করে জানান, সবজি ব্যবসায়ী নিহত মনির হোসেন সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুসারচর গ্রামের আক্কাস আলীর ছেলে। পাওনা টাকা চাইতে গিয়ে স্থানীয় আতাউল হামিদ পরাগ, আলমগীর হোসেন, ভুট্রু মিয়া, রতন, গোলজার হোসেন ও শাহীনের হাতে ২০০৭ সালের ১৮ জুন রাতে খুন হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। আসামীদের মধ্যে রতন, গোলজার ও শাহীন প্রথম থেকেই পলাতক রয়েছেন।