জামালপুরের মেলান্দহে কলেজ ছাত্রী মমতাজ বেগম মিমি হত্যা মামলায় মাহমুদুল হাসান নামে এক ছাত্রকে মৃত্যুদণ্ডসহ ১০হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শহরের চরপাড়ার নয়পাড়া এলাকার এস এম এ মান্নান মিয়ার মেয়ে মমতাজ বেগম মিমি (২২) এবং ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকার বলাশপুরের ড. আব্দুল বাকীর ছেলে মাহমুদুল হাসান (২৩) একইসঙ্গে উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজের চতুর্থ সেমিস্টারে পড়তো। মাহমুদুল হাসান তার সহপাঠী মিমির কাছে প্রেম নিবেদন করে ব্যর্থ হলে ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাকে ছুরিকাঘাত করে। মিমিকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ছাত্রনিবাসের তত্ত্বাবধায়ক প্রভাষক মো. ফরহাদ আলী বাদী হয়ে মাহমুদুল হাসানকে আসামি করে মেলান্দহ থানায় মামলা করেন। ২৩জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাহমুদুল হাসানকে মৃত্যুদণ্ডসহ ১০হাজার টাকা জরিমানা করেন বিচারক। মামলাটি রাষ্ট্রপক্ষে পিপি আইনজীবী নির্মল কান্তি ভদ্র এবং আসামি পক্ষে সমর্থন করেন আইনজীবী মো. শাহজাহান আলী।