কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ইভটিজারকে গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। অভিযুক্ত ইভটিজারের নাম শাহিন (২১)। সে শোন্দাহ গ্রামের মোঃ খুদায়ালোত’র ছেলে।
বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশত শিক্ষার্থী অংশ নেয়। তারপর থেকে এলাকার জনসাধারণও বখাটে শাহিনের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে।
জানা যায়, কয়েক মাস যাবত শোন্দাহ গ্রামের বখাটে যুবক শাহিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের রাজশাহীর বাঘমারা থানায় কর্মরত আনছার সদস্য আসাদুল ইসলাম’র মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী সুমাইয়াকে উত্যক্ত করে আসছে। ঘটনাটি সুমাইয়া তার পিতাকে জানায়। সুমাইয়ার পিতা ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে উত্যক্তকারী শাহিনের হাতে প্রহৃত হন এবং বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সুমাইয়াকে এসিড মারার হুমকি দেয় শাহিন।
এ ব্যাপারে সুমাইয়ার পিতা সংশ্লিষ্ট শোন্দাহ পুলিশ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে শোন্দাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইভটিজার শাহিন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
অন্যদিকে আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ‘স্যোশাল মিডিয়া আড্ডা’য় উল্লেখিত ইভটিজিং বিষয়ে জানতে চাইলে ইউএনও মাহাবুবুর রহমান বলেন, তিনি ঘটনাটি শোনার পর তাৎক্ষনিক ওসিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেছেন।
ইত্তেফাক/নূহু