কুমিল্লায় জঙ্গি আস্তানায় অভিযান আজ

 
কুমিল্লায় আইন-শৃঙ্খলা বাহিনীর ঘিরে রাখা জঙ্গি আস্তানায় অভিযান চালানো হবে আজ শুক্রবার। এ অভিযানকে কেন্দ্র করে জেলার সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ি সংলগ্ন গন্ধমতি এলাকায় নির্মাণাধীন তিন তলাবিশিষ্ট ওই বাড়ির চারদিকে এক কিলোমিটার এলাকাজুড়ে র্যাব-পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করেছে। সাংবাদিকসহ স্থানীয় লোকজনকে বাড়ি সংলগ্ন সড়কে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এদিকে অভিযানের আগেই গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযানের কর্মপরিকল্পনা নির্ধারণ করেন।
 
জানা যায়, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের নিকট এক জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার বিকালে গন্ধমতি গ্রামের আহাম্মদ আলীর ছেলে দেলোয়ার হোসেন ড্রাইভারের নির্মাণাধীন বাড়িটি ঘেরাও করে একাধিক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
 
গতকাল সিটি নির্বাচনের কারণে নির্বাচন কমিশনের নির্দেশে ভোটকেন্দ্র সংলগ্ন ওই বাড়িটিতে অভিযান চালানো হয়নি। তবে এরই মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় চট্টগ্রাম থেকে আসা সোয়াতের একটি টিম ছাড়াও র্যাব, ক্রাইম সিন ইউনিট, বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে জঙ্গিদের গ্রেফতারে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
 
জেলা পুলিশের একজন কর্মকর্তা ইত্তেফাককে জানান, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ঢাকায় এক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে। ওই জঙ্গির দেওয়া তথ্য বাড়িতে জঙ্গির অবস্থান সম্পর্কে নিশ্চিত হই। শুক্রবার যে কোনো সময়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা  করা হবে।