কুমিল্লার চান্দিনায় নিখোঁজের দুইদিন পর ইয়াসমিন আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার জোয়াগ ইউনিয়নের আমলকি গ্রামের এক বাগান থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইয়াসমিন একই ইউনিয়নের কৈলাইন গ্রামের নির্মাণ শ্রমিক ইয়াসিন হোসেনের মেয়ে।
ইয়াসমিনের মা হাসিনা বেগম বলেন, ‘বুধবার বিকাল ৪টার পর থেকে আমার বড় মেয়ে ইয়াসমিনকে খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান না পেয়ে থানায় অবহিত করি। শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন যুবক আমাদের বাড়ি সংলগ্ন হাসান মিয়ার বাগানে তার মরদেহ দেখে আমাদের জানায়।’
চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।