একক প্রচেষ্টায় দেশের উন্নয়ন সম্ভব নয় : ডেপুটি স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, শুধু সরকারের একক প্রচেষ্টায় দেশের উন্নয়ন সম্ভব নয়, সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। এরজন্য জনগণের মধ্যে ঐক্য, দেশপ্রেম, সততা ও সহযোগিতামুলক দৃষ্টিভঙ্গি থাকতে হবে।
আজ শুক্রবার ঢাকাস্থ গাইবান্ধা জেলা সমিতির ৫১তম ‘জিয়াফত ও মিলনমেলায়’ প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন।
রাজধানীর পূর্ত ভবন মিলনায়তনে এ মিলনমেলার আয়োজন করা হয়। ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। গাইবান্ধা কেন পিছিয়ে থাকবে।
গাইবান্ধা এখন আর অনগ্রসর জনপদ নয় উল্লেখ করে তিনি বলেন, এখানে সরকারের অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, হচ্ছে এবং আগামীতেও হবে। এ সময় তিনি গাইবান্ধায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন।-বাসস।