পানগুছি নদীতে ট্রলারডুবি : আরো ৩ নারীর মরদেহ উদ্ধার

 
বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
অভিযানের চতুর্থ দিন শুক্রবার সকাল ৭টার দিকে পানগুছি নদীর ফেরীঘাট ও কাঁঠালতলা এলাকা থেকে ভাসমান অবস্থায় ওই তিনজনের মরদেহ উদ্ধার করে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। এই নিয়ে গত চারদিনে নারী, দুই শিশুসহ মোট ১৭ জনের মরদেহ উদ্ধার হলো। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস।
 
এরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার খেঁজুরবাড়িয়া গ্রামের পুলিশ সদস্য জাহিদুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম (৩২), পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার পশ্চিম বালিয়াপাড়া খলিল তালুকদারের স্ত্রী নাসরিন বেগম (২৮) এবং মোরেলগঞ্জ উপজেলার বারইখালি গ্রামের বশির শেখের স্ত্রী লাবনী বেগম (১৮)।
 
 
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান বলেন, অভিযানের চতুর্থ দিন শুক্রবার সকালে পানগুছি নদীর প্রায় পাঁচ কিলোমিটার দূরে কাঁঠালতলা এলাকা থেকে নাছিমা বেগমের, সোনাখালি থেকে নাসরিনের  এবং ফেরিঘাট থেকে লাবনী বেগমের মরদেহ তিনটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাদের পরিচয় শনাক্ত করেছেন।
 
গত মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে পারাপারের সময় ৮০ জন যাত্রী নিয়ে পানগুছি নদীতে ট্রলারটি ডুবে যায়।