ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদ মডেল রাউধার লাশ হস্তান্তর

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ (আইবিএমসি) শিক্ষার্থী রাউধা আতিফের ময়নাতদন্ত হয়েছে।
 
শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে তিন সদস্যের মেডিকেল বোর্ড তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন।
 
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার তানভির হায়দার চৌধুরী বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত আইশা শান শাকির ও রাউধার বাবা মোহাম্মাদ আথিফ, মা আমিনাথ মুহারমিমাথ ও তার ভাই পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা রাউধার লাশের ময়নাতদন্তের অনুমতি দেন। এ ছাড়া রাউধার লাশ দেখতে ও আত্মহত্যার পেছনের কারণ জানতে গত বৃহস্পতিবার মালদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে রাজশাহীতে আসেন কমনওয়েলথের দ্বিতীয় সেক্রেটারি ইসমাইল মুফিদ। তারা শুক্রবার সকলে আইবিএমসির ছাত্রী হোস্টেলে রাউধার রুম পরিদর্শন করেন এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
 
উল্লেখ্য, গত বুধবার আইবিএমসির ছাত্রী হোস্টেলের ২০৯ নং কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশকে আইবিএমসি কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানায়, রাউধা সিলিং ফ্যানের সঙ্গে কাপড় বেধে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছে। কিন্তু পুলিশ পৌঁছার আগেই তার সহপাঠিরা ঝুলন্ত রাউধার লাশ নামিয়ে ফেলে। গত বছর ২২ অক্টোবর ভারতের ‘ভোগ সাময়িকীর প্রচ্ছদে কয়েকজন মডেল তারকার সঙ্গে রাউধার ছবিও ছাপা হয়।
 
আইবিএমসির ৫ সদস্যের কমিটি
এদিকে রাউধার মৃত্যুর কারণ অনুসন্ধানে বৃহস্পতিবার আইবিএমসি কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
 
প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আজিজ রিয়াদ জানান, কলেজের উপাধক্ষ ডা. আব্দুল মুকিত সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এর আগে গত বুধবার রাতে রাউধার আত্মহত্যার ঘটনায় আইবিএমসির পক্ষ থেকে সচিব আব্দুল আজিজ রিয়াজ নগরীর শাহ্ মখদুম থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।
 
শাহ্ মখদুম থানার ওসি জিল্লুর রহমান বিদেশি শিক্ষার্থী রাউধার আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি।
 
প্রসঙ্গত, বুধবার রাউধা আতিফ (২০) আইবিএমসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আন্তজার্তিক ভোগ ম্যাগাজিনের ২০১৬ প্রচ্ছদ মডেল ছিলেন তিনি।