রাজশাহীতে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আরেকজন গ্রেফতার

রাজশাহীতে সাড়ে ৪ কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আরেক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। 
 
গ্রেফতার ইদু মিয়া (৩০) কুমিল্লা সদর উপজেলার শুভপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে। গত বুধবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে রাজশাহীতে আনা হয়।
 
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, উদ্ধারকৃত বিস্ফোরক এই ইদুর কাছেই পৌঁছানোর কথা ছিল।
 
উল্লেখ্য, গত সোমবার রাতে নগরীর শিরোইলে ঢাকাগামী বাস তল্লাশি করে কুমিল্লার বরুড়া উপজেলার আকুইশা গ্রামের শফিকুর রহমানের ছেলে আবদুল লতিফ (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বারিকবাজার গাজিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাকিরুল ইসলামকে (৩৪) পুলিশ সাড়ে ৪ কেজি বিস্ফোরকসহ গ্রেফতার করে। তাদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিস্ফোরক সরবরাহকারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁদলাই গ্রামের তরিকুল ইসলামের ছেলে ফরহাদ হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়। সকলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালিয়া থানায় পৃথক মামলা করেছে পুলিশ।