ভারতে পাচারকালে বেনাপোল ছোট আচড়া সীমান্ত থেকে শনিবার সকালে ১৫টি সোনার বারসহ ২ জন স্বর্ণ চোরাচালানিকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন— যশোরের ঝিকরগাছা উপজেলার কির্ত্তীপুর গ্রামের নুর ইসলামের ছেলে মো. শামীম হোসেন (২১) ও বেনাপোলের নারায়নপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে হোসেন আলী (২৫)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খবির উদ্দিন জানান, বিপুল পরিমান সোনা ছোটআচড়া হয়ে সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঐ এলাকায় অভিযান চালিয়ে ২ জন পাচারকারীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে দেড় কেজি ওজনের ১৫টি সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ৭০ লাখ টাকা বলে বিজিবি জানায়।
আটক পাচারকারীকে প্রাথমিক জিঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনা বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।
ইত্তেফাক/মণ্ডল