রাজধানীর বহুতল ভবনে রাজউকের অভিযান শুরু

গতকাল থেকে রাজধানীর বহুতল ভবনে রাজউকের অভিযান শুরু হয়েছে। রাজউকের ৮টি জোনে মোট ২৪টি টিম একযোগে তাদের কার্যক্রম শুরু করেছে। ৭ দিনের মধ্যে তারা তথ্য সংগ্রহ শেষ করবে। টিমগুলো বহুতল ভবনের নকশা, অনিয়ম, অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ যাবতীয় তথ্য অনুসন্ধান করছে।

টিমের কর্মকর্তারা জানান, প্রাথমিক পর্যায়ে তারা দশ তলার অধিক ভবনগুলোর যাবতীয় তথ্য সংগ্রহ করছে। পরবর্তীতে চিহ্নিত ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের শুরুতে রাজউকের পরিচালক (প্রশাসন) ও জোন-৬ (মতিঝিল, ভুলতা) এর অথরাইজ্ড অফিসার খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে দৈনিক বাংলা এলাকায় তথ্য সংগ্রহ  শুরু হয়। দুপুর পর্যন্ত চারটি ভবন পরিদর্শন করেন কর্মকর্তারা। এর মধ্যে দুটিতে ব্যাপক অব্যবস্থাপনা পাওয়া যায়। ফকিরাপুল টয়েনবি   সার্কুলার রোডের হোটেল হাসান ইন্টারন্যাশনাল ভবনে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থাই পাওয়া যায়নি। ১২ তলা ভবনটিতে জরুরি নির্গমন সিঁড়ি কিংবা আগুন নেভানোর জন্য কোনো পানির ব্যবস্থাও নেই। নিচতলায় একটি ফায়ার এক্সটিংগুইশার পাওয়া গেলেও সেটি ছিল মেয়াদোত্তীর্ণ। এ ছাড়া পাশের ২০ তলা হোটেল রহমানীয়া ইন্টারন্যাশনাল ভবনে জরুরি নির্গমন সিঁড়ি থাকলেও অন্য কোনো ব্যবস্থা ছিল না। এ দুটি ভবন তাদের ভবন নকশাও দেখাতে পারেনি। বেলা ১২টা পর্যন্ত আল আরাফা টাওয়ার ও আইএফআইসি ব্যাংক টাওয়ার পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা হয়। তবে এই ভবন দু’টিতে কোনো সমস্যা পাওয়া যায়নি।

খন্দকার অলিউর রহমান জানান, জোন-৬ এ মোট চারটি টিম গঠন করা হয়েছে। এই জোনে ৩০৪টি বহুতল ভবন রয়েছে। সাত দিনের মধ্যে সবগুলো পরিদর্শন শেষ করবেন।

এছাড়া জোন-১ এর পরিচালক মো. আবদুল মতিন ও অথরাইজ্ড অফিসার সরদার মুহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে আশুলিয়া ও ধামসোনা, জোন-২ এর অথরাইজ্ড অফিসার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে উত্তরা, টঙ্গী ও গাজীপুর এলাকা, জোন-৩ এর পরিচালক, মু. খায়রুজ্জামান ও অথরাইজ্ড অফিসার মো. মোবারক হোসেনের নেতৃত্বে সাভার ও মিরপুর, জোন-৪ এর পরিচালক মোহাম্মদ মামুন মিয়া ও অথরাইজ্ড অফিসার সেগুফতা শারমীনের নেতৃত্বে গুলশান, বনানী, মহাখালী ও পূর্বাচল,  জোন-৫ এর পরিচালক মো. শাহ আলম চৌধুরী ও অথরাইজ্ড অফিসার মো. নুরুজ্জামান জাহিরের নেতৃত্বে ধানমন্ডি ও লালবাগ, জোন-৭ এর পরিচালক আনন্দ কুমার বিশ্বাস ও অথরাইজ্ড অফিসার নূর আলমের নেতৃত্বে কেরানীগঞ্জ, জুরাইন, সূত্রাপুর ও ওয়ারী এবং জোন-৮ এর অথরাইজ্ড অফিসার মো. মাকিদ এহসানের নেতৃত্বে ডেমরা, নারায়ণগঞ্জ ও সোনারগাঁও এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, রবিবার রাজউক ভবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম সোমবার থেকে রাজউকের ২৪টি টিম অভিযানে নামার ঘোষণা দেন।