তাকে বলা হয় ‘কিং অব কমেডি’। তার জোকস শুনে হাসতে হাসতে দর্শক সেলিব্রেটি সবার পেটে খিল ধরে যেত। অথচ এখন ঘটছে পুরো উল্টো।
কপিলের জোকস শুনে দর্শক হাসছেন না, এমন পরিস্থিতি কপিল শর্মার কল্পনার অতীত ছিল। কিন্তু ঠিক সেই ঘটনাই নাকি ঘটল ‘দ্য কপিল শর্মা শো’-এর শুটিংয়ে।
সূত্রের খবর, ‘দ্যা কপিল শর্মা’র জন্য নতুন পর্বের শুটিং শুরু হলে কপিলের জোকস শুনে কোনও প্রতিক্রিয়া দেননি দর্শকরা। অথচ অন্য সময় তারাই হাততালি দিয়ে কপিলকে উত্সাহিত করেন। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় প্রাথমিক ভাবে হতাশ হয়ে পড়েন কপিল। তার জেরে নাকি শুটিং বন্ধ করে দেন। ততক্ষণে প্রায় ১৫ মিনিটের শুটিং হয়ে যাওয়ায় বাকিটা শেষ করার জন্য তাঁকে অনুরোধ করা হয়। কিন্তু কপিল তাতে রাজি হননি। শুটিং বন্ধ রাখেন তিনি।
প্রসঙ্গত, মেলবোর্নে শো করে মুম্বাই ফিরে আসার পথে বিমানে মদ্যপ অবস্থায় কপিল শর্মা তার টিমের ডা. মশহুর গুলাটি তথা সুনীল গ্রোভারের সঙ্গে খারাপ আচরণ করেন। এই ঘটনা জানজানি হলে কপিল সুনীলের কাছে ক্ষমা চান। কিন্তু কপিলের ক্ষমায় চাওয়াতেও মন গলেনি সুনীলের। তার সঙ্গে কপিলের শো ছেড়ে বেরিয়ে যান আলি আসগর, চন্দন প্রভাকর ও সুগন্ধা মিশ্রও। যদিও চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির জেরে এই শো ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা এখনও আনুষ্ঠানিক ভাবে জানাননি সুনীল গ্রোভার। কিন্তু তাঁর শুটিংয়ে না থাকাটা বা অনস্ক্রিন সুনীলকে দেখতে না পাওয়াতে বিভিন্ন প্রতিক্রিয়া শুরু হয়েছে দর্শকদের মনে। কপিলও যেন তাদের ছাড়া নিজের হিউমার ও চার্ম হারিয়ে ফেলেছেন। যার প্রতিফলন দেখা যায় শো এর নিম্নমুখী টিআরপিতে। ইন্ডিয়া টুডে।
ইত্তেফাক/রেজা