আতিয়া মহলে নিহত ২ জঙ্গির লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

 
সিলেটের লেটের শিববাড়ি এলাকার আতিয়া মহলে নিহত দুই জঙ্গির লাশের দাফন হয়েছে। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।  শনিবার বিকালের দিকে মানিকপীর টিলায় তাঁদের দাফন করা হয়।  
 
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা তাদের দাফনের বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো পরিচয় সনাক্ত করতে না পারায় বেওয়ারিশ হিসেবে তাদের লাশ পুলিশের পক্ষ থেকে দাফন করা হয়েছে। এদিকে আতিয়া মহলে এখনো আরো দুটি লাশ পড়ে আছে। 
 
জেদান জানান, সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় দলের অভিযানের পর সেগুলোকে আনা হবে।
 
উল্লে­খ্য, সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় অবস্থিত আতিয়া মহল ২৫ মার্চ শুক্রবার ভোর রাত থেকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  ওই দিন বিকালে ঢাকা থেকে পুলিশের সোয়াট টিম সিলেট পৌছে ঘটনাস্থল ঘেরাও করে। পরে শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল অপারেশন ‘টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে। অভিযান চলা কালে শনিবার সন্ধ্যায় আতিয়া মহল ভবনের অদূরে দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত এবং অর্ধশত আহত হন। 
 
মঙ্গলবার সংবাদ সম্মেলনে সেনাবাহিনী চার জঙ্গি নিহত হয়েছে বলে জানান। নিহতদের মধ্যে  তিন পুরুষ ও এক নারী। 
 
 
ইত্তেফাক/কাউছার