ইউটিউবে দেখুন ‘ইত্যাদি’র সুন্দরবন পর্ব

 
দেশব্যাপী জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ইতিহাস-ঐতিহ্যে আয়োজনের ধারাবাহিকতায় ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে বিশ্ব ঐতিহ্যের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের কোলে নির্মিত আকাশলীনা পর্যটন কেন্দ্রে।
 
গত ১৪ মার্চ ইত্যাদির নতুন এ পর্বটির শুটিং করা হয়। সুন্দরবন, নদী, নৌকা আর আকাশলীনার অপার সৌন্দর্য দৃশ্যমান করার জন্য এবারের ইত্যাদির অংশবিশেষ ধারণ করা হয়েছে দিনের আলোর পড়ন্ত আভায়।
 
বরাবরের মতো ফাগুন অডিও ভিশনের ব্যানারে নির্মিত ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হয়েছে। ২ এপ্রিল আয়োজনটি আবারো পুনঃপ্রচার করা হবে।
 
তবে যারা টিভিতে ইত্যাদি দেখতে পারেন নি বা পারবেন না তাদের জন্য পুরো পর্বটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ১ ঘণ্টা ২ মিনিটের পর্বটি গত ৩১ মার্চ ইউটিউবে প্রকাশ করা হয়।
 
এবারের পর্ব নিয়ে প্রখ্যাত উপস্থাপক হানিফ সংকেত বলেন, ‘সাতক্ষীরা অঞ্চলের সুন্দরবনে নির্মিত ‘ইত্যাদি’ দেখে দেশ-বিদেশের অগণিত দর্শক, যারা প্রশংসা করেছেন, আপনাদের ভালোলাগার কথা জানিয়েছেন-সবাইকে জানাচ্ছি আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের সমর্থন, সহযোগিতা ও ভালোবাসার কারণেই ‘ইত্যাদি’র এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে’।
ইত্তেফাক/আনিসুর