কামারখন্দে দুইটি গরুসহ বসতঘর ভস্মীভূত

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

কামারখন্দে গোয়াল ঘরে আগুন লেগে গোয়াল ঘর, আরো দুটি বসত ঘরসহ দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত সাড়ে ১১টায় উপজেলার বড় পাকুরিয়া গ্রামে আমিরুল ইসলামের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক আমিরুল ইসলাম জানান, আমার তো ঘর পুড়ে ছাই। গর্ভবতী দুইটা গরু ছিল তাও পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে আমার প্রায় তিন লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. হামিদুল ইসলাম জানান, গোয়াল ঘরে আগুন লাগার খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে পৌঁছে দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।