বিশেষ শিশুদের পরিবেশনায় মুগ্ধ দর্শক-শ্রোতা

নাচ গান আবৃত্তিতে মুগ্ধ করল অটিস্টিক শিশুরা। এক একজন শিশু যেন আনন্দের ফোয়ারা হয়ে খুশি ঝরালো মানুষের মনে। তাদের নাচ, গান আর আবৃত্তিতে মুগ্ধ দর্শক-শ্রোতা। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় গতকাল রবিবার শিশু একাডেমির অডিটোরিয়ামে ছিল পিনপতন নিরবতা। অটিস্টিক শিশুরা তাদের মেধা ও যোগ্যতায় সাধারণ শিশুরে মতোই অনেক ভালো পরিবেশনা উপহার দেয় দর্শক-শ্রোতাদের।

স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে— স্লোগান নিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শিশু একাডেমি গতকাল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি এবং শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা (২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক সুলতান আলম। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশনা তাদের দৃঢ়তা ও মনোবলকে নতুন করে তুলে ধরে দর্শকদের সামনে। যেমন নাঈমা ফাতেমা তুজ জোহরা। মিষ্টি এই মেয়েটি ঘরে একা একাই নৃত্য অনুশীলন করে। সে বললো, ‘আমি গান গাইতে পারি না, কিন্তু নাচতে পারি। নাচতে আমার খুব ভালো লাগে।’ আলোচনা পর্বের আগেই মঞ্চে আসে সুইড বাংলাদেশের শিল্পীরা। ‘মন মোর মেঘের সঙ্গী’ ও ‘মোর ভাবনারে কি হাওয়ায়’ গানের সঙ্গে তাদের নূপুরের ধ্বনিতে মুখরিত হয় চারপাশ। এরপর বাংলাদেশের অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে প্রদর্শিত হয় বিশেষ তথ্যচিত্র ‘তুমি অগ্রদূত হয়ে দাঁড়ালে বিশেষ শিশুদের পাশে’।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘একটা সময় অটিস্টিক শিশুদের বিষয়ে কারও কোনো ধারণা ছিল না। সায়মা ওয়াজেদ পুতুলের জন্য দেশের মানুষ এদেরকে বুঝতে ও চিনতে পেরেছে। এ ধরনের শিশুদের জন্মের বিষয়ে অভিভাবকদের কোনো দোষ নেই। সচেতনতার মাধ্যমে এদেরকে মানুষ করতে হবে।’

সেলিনা হোসেন বলেন, ‘এ ধরনের শিশুদের মানুষ করতে অভিভাবকদের পাশাপাশি সমাজের অন্যদেরও এগিয়ে আসতে হবে।’ আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যাতে শুরুতেই দলীয় নৃত্য নিয়ে মঞ্চে আসে সোয়াকের শিল্পীরা। তারা অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ‘দুই এপ্রিল’ শিরোনামে গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। প্রয়াস স্পেশাল স্কুলের শিক্ষার্থীরা ‘নিমফুলের মৌ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। একক কণ্ঠে শাম্মী ‘কোন বা দেশে নিতাইগঞ্জ যাই’ ও নাঈম ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ পরিবেশন করে।

ঢাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, অটিজম  সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে ঢাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অরাজনৈতিক ও অলাভজনক ছাত্র সংগঠন ‘হ্যান্স’ এই মানববন্ধনের আয়োজন করে।

ইত্তেফাক/নূহু