শ্রীকৃষ্ণকে ‘ইভটিজার’ বলে ঘোর বিতর্কের জন্ম দিয়েছেন দিল্লির প্রখ্যাত আইনজীবী প্রশান্ত ভূষণ। উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’কে আক্রমণ করতে গিয়েই টুইটারে শ্রীকৃষ্ণ সম্পর্কে এই মন্তব্য প্রশান্ত ভূষণের।
ইতিমধ্যেই এই টুইটের প্রবল প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। প্রশান্ত ভূষণের নামে এফআইআর হয়েছে বলেও জানা গেছে।
রাস্তাঘাটে, জনবহুল স্থানে বা প্রকাশ্যে মেয়েদের কেউ যাতে হেনস্থা বা উত্যক্ত করতে না পারে, তা নিশ্চিত করতেই অ্যান্টি-রোমিও স্কোয়াডকে ময়দানে নামিয়েছেন যোগী আদিত্যনাথ। মেয়েদের কেউ উত্যক্ত করছে দেখলেই ধরপাকড় করছে পুলিশের এই স্কোয়াড।
ইভ-টিজারদের বিরুদ্ধে যোগী প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে প্রশান্ত ভূষণের আপত্তি নেই। তাঁর আপত্তি এই স্কোয়াডের নামকরণ নিয়ে। ভূষণ সে প্রসঙ্গে টুইটারে লেখেন, ‘রোমিও শুধু এক জন নারীকেই ভালবাসতেন, যেখানে কৃষ্ণ ছিলেন এক জন কিংবদন্তি ইভটিজার। নজরদারদেরকে অ্যান্টি-কৃষ্ণ স্কোয়াড নামে ডাকার সাহস কি আদিত্যনাথের রয়েছে?’ খবর আনন্দবাজার।
ইত্তেফাক/মণ্ডল