‘বাংলাদেশকে উন্নয়নের রোলমডেলে পরিণত করেছেন শেখ হাসিনা’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ১৯৯৬ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
 
আজ সোমবার ১৩৬তম আইপিইউ সম্মেলনে আগত জার্মান পার্লামেন্টের (বুনডেসটাগ) প্রেসিডেন্ট প্রতিনিধিদলের প্রধান, প্রফেসর ড. ল্যামার্ট নরবার্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
 
প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশের সংসদীয় চর্চা, সংসদীয় রীতিনীতি,বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে জানতে চাইলে স্পিকার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ ২৩ বছর পাকিস্তান সামরিক জান্তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে বাঙালি জাতি শোষণ ও বৈষম্য থেকে মুক্তি পায়, অর্জিত হয় কাঙ্খিত স্বাধীনতা’।
 
সাক্ষাৎকালে তারা ১৩৬তম আইপিইউ এসেম্বলি, বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, বাংলাদেশের নির্বাচন পদ্ধতি, নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। -বাসস।