টি২০ সিরিজ জিতলো পাকিস্তান

ক্যারিবিয়ান সিরিজের চতুর্থ ও শেষ টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে টি-২০ সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিলো পাকিস্তান। এই নিয়ে তৃতীয়বারের মতো ক্যারিবীয়দের বিপক্ষে টি-২০ সিরিজ জিতলো পাকিস্তান।
 
এই জয়ের ফলে টি-২০ র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানে উঠে এসেছে পাকিস্তান। অন্যদিকে ছয় নম্বরে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
 
ক্যারিবীয় সফরে দুর্দান্তভাবে সিরিজ শুরু করে পাকিস্তান। সিরিজের প্রথম দুইটি ম্যাচই জিতে নেয় তারা। এরপর তৃতীয় ম্যাচ জিতে সিরিজ বাঁচানোর আশা ধরে রেখেছিলো ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সিরিজের শেষ ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তানই। 
 
পোর্ট অব স্পেনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রতিপক্ষ বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ৮ উইকেটে ১২৪ রানের মামুলি সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার চ্যাডউইক ওয়ালটন। এ ছাড়া মারলন স্যামুয়েলস ২২ ও অধিনায়ক কালোর্স ব্রার্থওয়েট দুটি করে চার ও ছক্কায় অপরাজিত ২৪ বলে ৩৭ রান করেন। পাকিস্তানের হাসান আলী ও শাদাব খান ২টি করে উইকেট নেন।
 
জবাবে ওপেনার আহমেদ শেহজাদের ৫৩ ও বাবর আজমের ৩৮ রানের সুবাদে ৬ বল বাকী রেখেই ম্যাচ ও সিরিজ জিতে মাঠ ছাড়ে পাকিস্তান। শেহজাদ ৬টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে নিজের ৫৩ রানের ইনিংসটি সাজান। আর ১টি করে চার ও ছক্কায় ৩৬ বলে ৩৮ রান করেন বাবর। ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস ২টি উইকেট নিয়েছেন। 
 
 
ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের হাসান আলী। একই দেশের শাদাব খান সিরিজ সেরা নির্বাচিত হন। টি-২০ লড়াই শেষে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। যা শুরু হবে ৭ এপ্রিল থেকে। ইএসপিএন ক্রিকইনফো।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
ওয়েস্ট ইন্ডিজ : ১২৪/৮, ২০ ওভার (ওয়ালটন ৪০, ব্রার্থওয়েট ৩৭*, হাসান ২/১২)।
পাকিস্তান : ১২৭/৩, ১৯ ওভার (শেহজাদ ৫৩, বাবর ৩৮, উইলিয়ামস ২/১৬)।
ফল : পাকিস্তান ৭ উইকেটে জয়ী। 
সিরিজ : চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতলো পাকিস্তান। 
ম্যাচ সেরা : হাসান আলী (পাকিস্তান)। 
সিরিজ সেরা : শাদাব খান (পাকিস্তান)।