প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলার আসামি দেবেশ চৌধুরীকে জামিন দেয়নি হাইকোর্ট। তার জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। দেবেশ চৌধুরী বিমানের প্রধান প্রকৌশলী (প্রডাকশন) ছিলেন।
বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় গত ২০ ডিসেম্বর রাতে রাজধানীর বিমান বন্দর থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় বিমানের ৯ কর্মকর্তাকে আসামি করে পুলিশ। মামলা হওয়ার আগেই নয়জনকে বরখাস্ত করে বিমান কর্তৃপক্ষ। মামলার পরে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় দেবেশ চৌধুরী জামিন চান। কিন্তু তার আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। পরে হাইকোর্টে জামিন চান তিনি।
আবেদনকারীর পক্ষে আইনজীবী সুব্রত চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ শুনানি করেন। শুনানি নিয়ে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।