সেন্ট পিটার্সবার্গে হামলাকারী কিরগিজস্তানের

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের পাতাল রেলে হামলাকারী একজন কিরগিজ তরুণ। পরে সে রাশিয়ার নাগরিকত্ব পায়। কিরগিজস্তানের নিরাপত্তা বাহিনী মঙ্গলবার একথা জানায়।
 
সোমবার সেন্ট পিটার্সবার্গে দুটি স্টেশনের মধ্যবর্তী জায়গায় পাতাল রেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়। এতে ১১ জন নিহত ও ৫১ জন আহত হয়েছে। এ ঘটনায় সেন্ট পিটার্সবার্গ কর্তৃপক্ষ তিনদিনের শোক ঘোষণা করেছে।
 
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ১৯৯৫ সালে জন্ম নেয়া হামলাকারীর নাম আকবরজন জারিলভ। তবে সে আত্মঘাতী হামলাকারী কি না এ নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে।
 
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গ। সোমবার সন্ধ্যায় তিনি হামলাস্থল পরিদর্শন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এদিকে রাশিয়ার তদন্তকারীরা এ বিষয়ে খুব অল্প তথ্যই জানাচ্ছে। এখনও কোন গ্রুপ হামলার দায় স্বীকার করেনি।
IMG0
বিশ্ব নেতৃবৃন্দ রাশিয়ার প্রতি সমর্থন এবং হামলার নিন্দা জানিয়েছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলছে, ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে পুতিনকে দায়ীদের বিচারের আওতায় আনতে পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন। উভয়ে দ্রুত সন্ত্রাস নির্মূলের ব্যাপারেও সম্মত হন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এ হামলাকে বর্বরোচিত বলে বর্ণনা করেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডরিকা মোঘেরিনি বলেন, ইউরোপ রুশ জনগণের সঙ্গেই আছে। এএফপি। 
 
ইত্তেফাক/সেতু