সিলেটের মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. সাইফুর রহমান (২৯) হত্যা রহস্য উদঘাটিত হয়েছে। জোরপূর্বক অনৈতিক সম্পর্ক গড়ে, ভুয়া কাবিননামা তৈরি ও আপত্তিকর ছবি ফাঁস করে দেওয়া হবে বলে বার বার হুমকি দেওয়ায় কলেজ ছাত্রী নিশাত তাসনিম রুপা অতিষ্ঠ হয়ে প্রভাষক সাইফুর রহমানকে বিষ খাইয়ে পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে আদালতে।
সোমবার দুপুরে সিলেট মহানগর বিচারিক হাকিম ৩য় আদালতের বিচারক সাইফুর রহমানের নিকট ১৬৪ ধারায় তারা জবানবন্দি প্রদান করে রুপা ও তার প্রেমিক মোজাম্মিল হোসেন। তারা দু’জনই এমসি কলেজের শিক্ষার্থী। স্বীকারোক্তির পর আদালত তাদেরকে জেলহাজাতে প্রেরণ করেন। ছাতক উপজেলার আলমপুর গ্রামের মোজাম্মিল হোসেন এবং নগরীর শাহপরান এলাকার খিদিরপুর গ্রামের শফিকুর রহমানের মেয়ে নিশাত তাসনিম রুপা। রবিবার প্রভাষক সাইফুরের লাশ উদ্ধারের পর পুলিশ দু’জনকেই গ্রেফতার করে। পরে সোমবার আদালতে হাজির করা হলে আদালতে হত্যার স্বীকারোক্তি দেয় তারা দু’জন।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান,নগরীর সোবহানীঘাটস্থ হোটেল মেহেরপুরে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় প্রভাষক সাইফুর রহমানকে। পরে লাশ ফেলে দেওয়া হয় দক্ষিণ সুরমায়।
এ ঘটনার প্রতিবাদে রবিবার লামাবাজার এলাকায় সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ শুরু করেন মদনমোহন কলেজের শিক্ষার্থীরা। তারা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।