জুনে চালু হচ্ছে ই-নামজারি

ইত্তেফাক রিপোর্ট

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, যারা অন্যায় করবেন তারা কেউই রেহাই পাবেন না। যারা ভালো কাজ করবেন তাদের জন্যে থাকবে পুরস্কার। আমরা ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয়ে কর্মরতদের সম্পদের হিসাব নিয়ে ফেলেছি। এ সম্পর্কিত পরবর্তী কার্যক্রম খুব শিগগিরই ঘোষণা করা হবে। দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সের নীতিতে রয়েছি। গত রবিবার ভূমি সংস্কার বোর্ডের উদ্যোগে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত ‘ভূমি সেবায় অধিকতর গতিশীলতা আনয়নে ই-নামজারির ভূমিকা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে ৩ লাখ ৯৩ হাজারেরও বেশি ই-নামজারি সম্পন্ন হয়েছে। আগামী জুনের মধ্যেই সমগ্র দেশে ই-নামজারি ব্যবস্থা চালু করা হবে। নামজারি সম্পন্ন করার সময়কাল ২৮ দিনে নামিয়ে আনা হয়েছে, এছাড়াও অনাবাসী বাংলাদেশিদের জন্য তা আরো কমিয়ে আনার ব্যবস্থা চলছে।

মন্ত্রী জানান, ভূমি সম্পর্কে জনগণকে সচেতন করতে আগামী ১০ এপ্রিল সারা দেশে ভূমি সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা পালন করা হবে। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য (প্রশাসন) সুলতান মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সাবেক পরিচালক ফায়েকুজ্জামান, ভূমি সংস্কার বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম।