ডোনাল্ড ট্রাম্পকে ‘আহাম্মক’ অভিহিত করল আইএস

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহাম্মক অভিহিত করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি সংগঠনটির মুখপাত্র আবিল আল হাসান আল মুজাহের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এক নির্বোধের পরিচালনায় ডুবতে বসেছে।
 
মঙ্গলবার সোশ্যাল মিডিয়া অ্যাপ টেলিগ্রামে উন্মুক্ত করা এক অডিওবার্তায় বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র তুমি ডুবতে বসেছে, তোমাকে বাচানোর কেউ নেই। পৃথিবীর সবপ্রান্তে (আইএস) খেলাফতের সেনাদের শিকার হবে তোমরা। তোমরা খেলাপি হয়ে পড়েছ এবং তোমাদের শেষটা সবাই পরিষ্কার দেখতে পাচ্ছে।
 
এরপর ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়, এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তোমরা এক আহাম্মককে নির্বাচিত করেছ যে ইরাক-সিরিয়া কিংবা ইসলাম সম্পর্কে কিছুই জানে না।
 
মার্কিন সমর্থিত সেনারা ইরাকের মসুল ও সিরিয়ায় রাকায় আইএসের দুই প্রধান ঘাটি দখলে লড়াই করছে। আইএসের শক্তিশালী ঘাটি মসুলের পতন হলে জঙ্গি সংগঠনটির জন্য বিশাল ধাক্কা হয়ে আসবে। এখান থেকেই ২০১৪ সালে আইএস খেলাফত ঘোষণা করে। রয়টার্স।
 
ইত্তেফাক/সাব্বির